পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর ৬১ বিজিবি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া :
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এরই অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট দুই বিওপির ক্যাম্প কমান্ডাররা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি এবং দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন বিজিবির অধিনায়ক। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে, সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করেছে ৬১ বিজিবি। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উৎসব চলাকালে যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন ব্যাটালিয়নের অধিনায়ক।
এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি ও বিজিবির গৃহীত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
সীমান্তবর্তী পাটগ্রামে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজিবির এ তৎপরতা উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।